২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ বিএনপিকে কালো পতাকা, বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিদেশিদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।”

নীলফামারী প্রতিনিধি

Published : 28 Jan 2024, 10:18 PM

Updated : 28 Jan 2024, 10:18 PM

জনগণ বিএনপিকে কালো পতাকা ও বিদেশিরা লাল পতাকা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছেন। আর ধর্ণা দেওয়ায় বিদেশেরা বিএনপিকে দেখিয়েছেন লাল পতাকা।”

রোববার বিকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে জনগণের সরকার দাবি করে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার এই দেশের মানুষ কর্তৃক নির্বাচিত।

“আমাদের সঙ্গে ভারত, রাশিয়া ও চীনের যেমন ভালো সম্পর্ক, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্য দেশেরও ভালো সম্পর্ক।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিদেশিদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।”

সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির নেতারা এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রেল স্টেশন, বিমানবন্দরে বিএনপির নেতাদের সঙ্গে আমার দেখা হয়। তখন তাদের জিজ্ঞেস করি, ভাই কী খবর? উত্তরে তারা বলেন, ‘তারেক জিয়া সব শেষ করে দিয়েছে। আমরা নির্বাচন করলে ভালো হত’।”

দেশের যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে জনগণের পাশে পাওয়া যায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের জনগণকে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে মারতে এগিয়ে  আসে বিএনপি। তারা কখনও জনগণের কষ্টের সময় এগিয়ে আসে না। তারা শুধু মানুষকে পুড়িয়ে মারতে পারে।”

জাতীয় পার্টির কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “ওরা তো শুধু রওশন আর জিএম কাদেরকে নিয়ে পড়ে আছে। জনগণের কথা ভাবে না। এই দলের নেতারা লোভী। ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য এর-ওর পেছনে ছুটে বেড়ায়।”   

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক মমতাজুল হক।

এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজীসহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছিলেন।

নীলফামারীর ছয় উপজেলায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া সাড়ে ছয় হাজার কম্বল এ অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।