১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে নারীর লাশ উদ্ধার: ভারতে পালানোর পথে আসামি গ্রেপ্তার

বিবেকানন্দ ত্রিপুরার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

খাগড়াছড়িতে নারীর লাশ উদ্ধার: ভারতে পালানোর পথে আসামি গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার বিবেকানন্দ ত্রিপুরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

খাগড়াছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় ভারতে পালিয়ে যাবার পথে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মামলা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে পানছড়ি উপজেলার লোগাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বিবেকানন্দ ত্রিপুরা নিহত ঈশ্বরী বালা ত্রিপুরার ভাইয়ের মেয়ের স্বামী। 

গত শনিবার রাতে পাশের বাড়ি থেকে মোবাইল চার্জ দিয়ে ফেরার পথে নিখোঁজ হন পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী ঈশ্বরী । পাঁচ দিন পর বুধবার সকালে ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

এর পর অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করে তার পরিবার। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবেকানন্দ ত্রিপুরা হত্যার দায় স্বীকার করেছেন। বিবেকানন্দ জানিয়েছেন, আর্থিক দায়গ্রস্ত থাকায় ঈশ্বরী বালা ত্রিপুরার গলা ও কানে পরিধেয় স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেন তিনি।

“কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে প্রথমে কিল ঘুষি মারার পর শ্বাসরোধ করে ইশ্বরীকে হত্যা করেন। পরে হাত-পা বেঁধে মরদেহ গুম করেন তিনি।” 

বিবেকানন্দ ত্রিপুরার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।  

আগের সংবাদ

খাগড়াছড়িতে নিখোঁজ নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার