২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আগুন নেভানোর আগে বাসের সবকটি আসন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 12:18 AM

Updated : 29 Nov 2023, 12:18 AM

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর আগে বাসের সবকটি আসন পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলায় ফয়লা বাজার সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাতে খুলনা-মোংলা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। দ্রুত আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সবগুলো আসন ছাই হয়ে গেছে। তবে পুড়ে যাওয়া বাসটির সামনে আরও বাস থাকলেও তাতে আগুন ছড়ায়নি।

ওসি এস এম আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, বাসটিতে কী-ভাবে আগুন লেগেছে; তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা, কী উদ্দেশে বাসটিতে আগুন দিয়েছে তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।