পঞ্চগড়ে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান
অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন, তবে ফায়ার সার্ভিস বলছে ৬৫ দোকান পুড়ে যাওয়ার প্রাথমিক তালিকা পেয়েছেন তারা।
পঞ্চগড়ের রাজনগর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত দেড়টার দিকে বাজারের একটি শুটকির দোকান থেকে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়েছে বলে এক ব্যবসায়ী দাবি করছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ৬৫ দোকান পুড়ে যাওয়ার প্রাথমিক তালিকা পেয়েছেন তারা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
“এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা কবে।”
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, খবর পেয়ে তাদের সব ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
“স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। আগুনে ৬৫ দোকান পুড়ে যাওয়ার প্রাথমিক তালিকা করেছি।”
স্থানীয়রা বলছেন, মধ্যবাজারের শুটকিহাটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত পাশের মুরগিহাটি, পানহাটি, মুড়িহাটি, চুড়িহাটি, মাংস ও মাছহাটিতে ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা।
পঞ্চগড় বাজারের মুরগিহাটির ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বাজারের একটি শুটকির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি পট্টির মালামালসহ অন্তত ৭০টি দোকান পুড়ে যায়।
তিনি বলেন, “আগুনে আমাদের প্রায় ২৪ টি দোকান পুড়ে গেছে। প্রাতিটি দোকানেই কমবেশি মুরগি ছিলো। আগুনে আমাদের ব্যবসায়ীক পুঁজিও শেষ হয়ে গেছে।”
