নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিভিল সার্জন।
নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত হাতিয়ার নবীপুর গ্রাম ও সুবর্ণচরের পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।
নিহতরা হলো- হাতিয়ার হরণি ইউনিয়নের নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির প্রবাসী মো. সোহেলের মেয়ে মুনতাহা আক্তার (২) এবং সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল আছিয়া ও মুনতাহা। এ সময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা।
বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুরঘাটে গেলে তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চর জব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান হাতিয়া থানার ওসি জিসান আহমেদ।
অপরদিকে সুবর্ণচরে মঙ্গলবার সকাল থেকে অন্য শিশুদের সঙ্গে ঘরের বাইরে খেলা করছিল মুজাহিদুল। এ সময় পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
সবার অজান্তে কোনো এক সময় মুজাহিদুল বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে চর জব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান চর জব্বার থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, পানিতে পড়া শিশুদের দ্রুত হাসপাতালে নিতে পারলে বাঁচানো সম্ভব। তবে ওই তিন শিশুকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
পানিতে ডুবে মৃত্যুরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
