পদ্মায় প্রস্তুত সঞ্চালন লাইন, দক্ষিণের বিদ্যুৎ যুক্ত জাতীয় গ্রিডে
পিজিসিবি জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদীতে সাতটি টাওয়ারের প্লাটফর্ম নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬৭০ কোটি টাকা।
পদ্মায় নির্মিত বৈদ্যুতিক টাওয়ারের মাধ্যমে মোংলা-গোপালগঞ্জ-আমিনবাজার সঞ্চলন লাইন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান জানান, পিজিসিবি কর্তৃক নবনির্মিত আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার দুপুরে চালু হয়েছে। এতে রামপাল ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো।
মোরশেদ আলম খান জানান, পদ্মা সেতুর আদলে নদীর তলদেশ থেকে মাটির নিচে অন্তত ১১০ মিটার গভীর থেকে তোলা হয়েছে টাওয়ারের প্লাটফর্ম। গত জুনে সম্পন্ন হওয়া এই প্লাটফর্ম থেকেই ১২৬ মিটার উচ্চতার টাওয়ার তুলে সঞ্চালন লাইন সম্পন্ন হলো এ মাসে। নদীতে একটি থেকে আরেকটি টাওয়ারের দূরত্ব ৮৩০ মিটার। পদ্মার দুপাড় মিলে বসেছে মোট ১১টি টাওয়ার, যার মধ্যে নদীতে বসেছে সাতটি।
পদ্মা সেতুর দুই কিলোমিটার ভাটিতে বসানো এই লাইন দিয়ে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চলন করা যাবে বলে মোরশেদ আলম খান জানান।
তিনি জানান, আমিনবাজার থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত ৪০০ কেভির ডাবল এই সার্কিট লাইন লাইন সাড়ে ৮২ কিলোমিটার দীর্ঘ। এই লাইন মোংলা পর্যন্ত আরও ৯৬ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। প্রকল্প ব্যয় আড়াই হাজার কোটি টাকার বেশি। আর এই পদ্মা সেতু প্রকল্পের আওতায় সাতটি প্লাটফর্ম নির্মাণে খরচ হয়েছে আরও প্রায় ৬৭০ কোটি টাকা। এই লাইনে ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হবে।
