বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৪
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-আদমদীঘি মহাসড়কের মুরইল বাস স্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বগুড়ার আদমদীঘির মুরইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কায় দুই চালকসহ চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-আদমদীঘি মহাসড়কের মুরইল বাস স্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার কামরাঙ্গীর চরের গফুর প্রামানিকের ছেলে ট্রাক চালক দাদন মিয়া (৪০), একই এলাকার জামাল উদ্দীনের ছেলে ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) এবং নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে ট্রাক চালক মোস্তাক (৪৫)।
আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন জানান, বাসস্ট্যান্ডের কাছে খাড়ীর ব্রিজের কাছে নিজের মালবাহী ট্রাক মেরামতের কাজ করছিলেন চালক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক মোস্তাকের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
মোস্তাক ও সাইফুলকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয় বলে জানান এসআই।
