২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

পুকুরে মাছ চুরি করতে না দেওয়ায় একজনকে এবং পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা হয় বলে জানান পিপি।

জয়পুরহাটে দুই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে দুটি হত্যা মামলার সাতজন আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 06:02 PM

Updated : 13 Jul 2023, 06:02 PM

জয়পুরহাটে আলাদা দুটি হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামের আমিনুর ইসলাম, আব্দুল কুদ্দুস, আব্দুল হান্নান, আনোয়ার, দুদু, ঘুটু আলম এবং আক্কেলপুর উপজেলার লক্ষ্মীভিটা গ্রামের ইয়াছিন আলী।

মামলার বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, জয়পুরহাট সদর উপজেলার হিচমী ফকিরপাড়ার রজব আলীর ছেলে আব্দুল আলীম ওই গ্রামের একটি পুকুরে রাতে পাহারাদারের চাকরি করতেন।

“২০০৯ সালের ৭ মার্চ রাতে আসামিরা পুকুরে মাছ চুরি করতে চাইলে আলীম নিষেধ করেন। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামিরা এলোপাতাড়িভাবে পিটিয়ে আলীমকে হত্যা করেন।”

এই আইনজীবী বলেন, পরের দিন সকালে পুকুরের পাশের একটি ধান ক্ষেতে আলীমের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

আরেক মামলার এজাহারের বরাত দিয়ে পিপি বলেন, পারিবারিক কলহের জেরে ২০০০ সালের ১৮ এপ্রিল আক্কেলপুরের লক্ষ্মীভিটা গ্রামে স্ত্রী জোলেখা বেগমকে মারপিট করেন ইয়াসিন আলী। গুরুতর আহত জোলেখা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার বাবা একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সেই মামলায় রায় দেয়।

রায়ে দুই হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন এবং একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।