দুদকের মামলায় সিরাজগঞ্জের ইউপি চেয়ারম্যান কারাগারে
সুলতান মাহমুদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগেরও সাবেক সভাপতি।
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে পেশকার মনোয়ার হোসেন জানান।
এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি স্থানীয় সরকার সহায়ক প্রকল্পের (এলজিএসপি) ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তেকে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।
একই অভিযোগে চেয়ারম্যানের সঙ্গে সাময়িক বরখাস্ত হন ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫, ৬ নং ওয়ার্ড) ওয়ার্ডের নারী সদস্য সালেহা বেগম।
মামলার বরাত দিয়ে পেশকার মনোয়ার হোসেন জানান, ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগের মামলায় সুলতান মাহমুদ, সাহেলা বেগম ও সাবেক ইউপি সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা।
সালেহা বেগম আগে থেকেই কারাগারে আছেন। আর জিয়াউর করিম পলাতক।
সুলতান মাহমুদ টানা দুই মেয়াদে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
