২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বান্ধবীর’ বাড়িতে কলেজছাত্রের মরদেহ, কলেজছাত্রী আটক

মরদেহের নাক ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‘বান্ধবীর’ বাড়িতে কলেজছাত্রের মরদেহ, কলেজছাত্রী আটক

যশোরের ঝিকরগাছা উপজেলায় কলেজছাত্রের মরদেহ উদ্ধারের সময় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 08:14 PM

Updated : 30 Apr 2023, 08:14 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘বান্ধবীর বাড়ি’ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে ওই কলেজছাত্রীর শ্রীচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে এই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস জানিয়েছেন।

মৃত ইলিয়াস হোসেন (১৯) একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। ইলিয়াস চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সুমন বিশ্বাস বলেন, উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে ওই বান্ধবীর বাড়ি থেকে একই গ্রামের ইলিয়াস হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াস ও ওই ছাত্রী একই কলেজের শিক্ষার্থী।

নিহতের পরিবারের অভিযোগের বরাতে এসআই বলেন, “তাদের দুইজনের মধ্যে সম্পর্ক ছিল। ইলিয়াস শনিবার রাত ৩টার দিকে ওই বান্ধবীর বাড়ি গেলে তার [বান্ধবী] অভিভাবকরা তাকে [ইলিয়াস] আটক করে মারধর করেন। এতে তার মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, ওই বান্ধবীর পরিবারের সদস্যরা মারধরের কথা অস্বীকার করেছেন। তবে মরদেহের নাক ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীকে থানায় আনা হয়েছে।

থানায় এখনও অভিযোগ হয়নি; তবে ওই ছাত্রীর বাবা ও মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।   

ইলিয়াসের চাচা শাকিল হোসেন বলেন, “ওই বান্ধবী তাদের অন্য সহপাঠী ইয়াসিনকে মোবাইল ফোনে ইলিয়াসের মৃত্যু খবর জানায়। এরপর আমরা ওই বাড়িতে গিয়ে তাদের ফুল বাগানের কাছে ইলিয়াসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।”