১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা: রাজবাড়ীতে ২০ কেজি ইলিশ জব্দ, ৯ জেলের কারাদণ্ড

অভিযানে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 05:41 PM

Updated : 14 Oct 2026, 05:54 PM

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে সদর উপজেলার জৌকুড়া ফেরিঘাট এলাকায় এ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।

‌তি‌নি‌ বলেন, “বুধবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ই‌লিশ ধরা অবস্থায় ৯ জে‌লে‌কে আটক ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।”

এছাড়া আটক জে‌লে‌দের জেল-জরিমানা দেওয়ার পাশাপাশি জব্দ করা জাল আগুনে পুড়ি‌য়ে ফেলা হ‌য়ে‌ছে বলে জানান সহকারী কমিশনার পায়রা চৌধুরী।

জব্দ করা ইলিশ মাছ কয়েকটি এতিমখানায় পাঠানো হয়েছে। ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।