২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 04:29 PM

Updated : 17 Apr 2024, 04:29 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান৷

পুলিশ জানায়, নিহত চীনের নাগরিক জাং জি বিন (৫৫) প্রকৌশলী হিসেবে ওই নির্মাণাধীন ভবনটিতে কর্মরত ছিলেন৷ তিনি রাজধানীর মুগদা এলাকায় থাকতেন।

ওসি নূরে আযম বলেন, “বিসিক শিল্পনগরীর ভেতরের একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷

“পরে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই প্রকৌশলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা বলেন, “পঞ্চবটিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবনের একতলায় তার রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের উপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন ওই প্রকৌশলী৷ এমন সময় ওই ফাঁকা জায়গা দিয়ে উপর থেকে আন্ডারগ্রাউন্ডে পড়ে যান৷”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে৷