১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম ও কলেজ ছাত্রী নিহত

ওসি মামুন বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ জড়িত অটোরিকশা চালকদের আটকের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় পৃথক দুটি ঘটনায় মসজিদের ইমাম ও এক কলেজ ছাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। 

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের বটতলা এলাকায় এবং সকালে চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

নিহতরা হলেন- মাওলানা মো. আলী আকবর (৪৮) ও ঊর্মী শিখা (২০)।

মো. আলী আকবর জেলা প্রশাসক ডাকবাংলো মসজিদের ইমাম এবং ঐতিহাসিক পাগলা মসজিদের মক্তবের শিক্ষক। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে। 

আর ঊর্মী শিখা শহরের চরশোলাকিয়া এলাকার মো. মহরম আলীর মেয়ে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের বটতলা এলাকায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে মাওলানা মো. আলী আকবরকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

অপর ঘটনায় সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় প্রাণ হারান ঊর্মী শিখা।

এ সময় অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রী আহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঊর্মী শিখা প্রতিদিন বনানী মোড় এলাকার এক বাসায় দর্জির কাজ শিখতে আসতেন। প্রতিদিনের মতো সকালে হাঁটতে হাঁটতে আসছিলেন তিনি। তখন উল্টোদিক থেকে দ্রুতবেগে আসা যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা ঊর্মী শিখাকে চাপা দেয়। 

এতে গুরুতর আহত ঊর্মী শিখাকে উদ্ধার করে স্থানীয়রা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ জড়িত অটোরিকশা চালকদের আটকের চেষ্টা চলছে।