২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সড়কের পাশের গর্তে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির সদস্যদের অগোচরে খেলাধুলা করতে গিয়ে তোফায়েল ও আফরোজা গর্তটিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোণায় সড়কের পাশের গর্তে ডুবে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে নিহত শিশুদের স্বজনের আহাজারি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 10:42 AM

Updated : 01 Aug 2023, 10:42 AM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাড়ির সামনে সড়কের পাশে থাকা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধ্যাহালা গ্রামে গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম।  

দুই শিশু হল- ওই গ্রামের কমল মিয়ার পাঁচ বছরের ছেলে তোফায়েল মিয়া ও আলাল উদ্দীনের তিন বছরের মেয়ে আফরোজা খাতুন। 

পরিবারের সদস্যদের বরাতে ওসি কালাম বলেন, সন্ধ্যার পর দুই শিশুকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির সামনে সড়কের পাশে গর্তের পানিতে তাদের মরদেহের খোঁজ মিলে। 

“ধারণা করা হচ্ছে সন্ধ্যায় বাড়ির সদস্যদের অগোচরে খেলাধুলা করতে গিয়ে গর্তটিতে পড়ে যায় তোফায়েল ও আফরোজা। বৃষ্টিতে সড়কের একটি অংশ ভেঙে গিয়ে বড় গর্তটি সৃষ্টি হয়েছিল।” 

খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি। 

জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সুপারের কার্যালয়ের তথ্যমতে, এই দুই শিশুসহ জুলাই মাসে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ শিশুতে।