মানিকগঞ্জে আগাছা পোড়ানোর আগুনে পুড়লো বনবিভাগের গাছ
শিগগিরই নতুন করে গাছ রোপণ করা হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আগাছা পোড়াতে জমিতে দেওয়া আগুনে বন বিভাগের প্রকল্পের ৬০টি গাছ পুড়ে গেছে।
উপজেলার হারুকান্দি ইউনিয়নের নারায়ণকান্দি চরে এ ঘটনা ঘটেছে বলে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানিয়েছেন।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হারুকান্দির চরাঞ্চলের তিন কিলোমিটার জুড়ে থাকা রোপনকৃত বনে তিন হাজারের বেশি গাছ রয়েছে। কিন্তু সম্প্রতি নারায়ণকান্দি থেকে গরীবপুর গুচ্ছ গ্রাম সড়কের জারুল, কড়ই, মেহেগনি, বাবলা, কদমসহ ৬০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় পানি দিয়ে কিছু গাছ রক্ষা করার জন্য পরিচর্যা করা হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, “জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে জমিতে আগুন দেন দুর্বৃত্তরা। সেই আগুন ছড়িয়ে পড়ে বনের গাছগুলো পুড়েছে।”
এদিকে কবে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা না গেলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন বিভাগ থেকে গাছ পুড়ানোর ঘটনা আমাকে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করব।”
একই কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানও।
