১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলের

শিমুলকে বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে গিয়ে তার মাও বিদ্যুতায়িত হন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:17 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান খান জানান।

নিহতরা হলেন- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) এবং তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)

বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সকালের দিকে উপজেলায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার সময় শিমুলদের বাড়ির মোটর বিদ্যুতায়িত হয়ে যায়। 

চেয়ারম্যান বলেন, পরে দুপুরে পুকুরে সেচ দিতে মোটর চালু করতে যান শিমুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করতে থাকেন তিনি। 

“বিষয়টি দেখতে পেয়ে শিমুলকে বাঁচাতে যান তার মা শিরিনা ।এতে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”

ওসি শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।