সাজেকে ঢাবি ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১
সাজেকে বেড়াতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।
রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপিতা চাকমাকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান ।
গ্রেপ্তার দান প্রিয় চাকমার বয়স ২৬ বছর, দাড়িপাড়া গ্রামেই তার বাড়ি। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ। কেন ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল, তাও স্পষ্ট নয় এখনও।
পুলিশ সুপার বলেন, অপহরণের ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে।
বুধবার দুপুরে সাজেকে বেড়াতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মধ্য থেকে দীপিতা চাকমাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ছয় ঘণ্টা পর তাকে উদ্ধার করার কথা জানায় পুলিশ।
ওই ঘটনায় দীপিতার বাবা বাদী হয়ে সাজেক থানায় মামলা করেছেন। সেখানে অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
