২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে খাবারের সন্ধানে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে করে বানর দুটি আসতে পারে বলে ধারণা করছে বন বিভাগ।

কুড়িগ্রামে খাবারের সন্ধানে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রাম শহরে বিভিন্ন বাড়ির চালে ঘুরে বেড়াচ্ছে বানর।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 03:08 PM

Updated : 18 Aug 2023, 03:47 PM

খাবারের সন্ধানে লোকালয়ে আসা দুটি বানরকে কুড়িগ্রাম শহরে ছোটাছুটি করতে দেখা গেছে। বানর দুটি দেখে ভয় ও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে পৌর শহরের পলাশবাড়ী পাঠান পাড়া এলাকায় প্রথম বানর দুটি দেখা যায়। টিনের চাল, ঘরের সানসেটে ও গাছের ডালে দাঁপিয়ে বেড়ানো বানর দুটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন।

ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সকালে হঠাৎ বাড়ির পাশে সুপারি বাগানে পাশাপাশি দুটি বানর চোখে পড়ে। বিভিন্ন গাছের ডাল ধরে টিনের চালে ছোটাছুটি করছে তারা। কখনো ঘরের সানসেটে বসে থাকছে। এর আগে বানর দুটি চোখে পড়ে নাই।

বানর দেখতে অনেক লোক জড়ো হয়েছে। সবাই বানর আতঙ্কে আছেন। তবে এখন পর্যন্ত বানর দুটি কারো ক্ষতি করে নাই।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কুড়িগ্রাম বন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

বানর দেখে আদনান সিয়াম বলেন, “টিভিতে, চিড়িয়াখানায় বানর দেখছি। বানরের খেলা দেখেছি তবে এমন খোলামেলা পরিবেশ টিনের চাল থেকে গাছে, গাছ থেকে ঘরে সানসেটে দৌড়াদৌড়ি করা বানরের কাণ্ড দেখি নাই। দেখে খুব মজা করছি। আবার একটু ভয়ও পাইছি।”

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, জেলার আশেপাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে ফল খাওয়ার লোভে আসতে পারে তারা। বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পরপর স্থান বদল করে।

এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।