১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে টিসিবি ডিলারের ওপর অতর্কিত হামলা, জখম

কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউএনও রুহুল আমিন জানান।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 11:06 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টিসিবি ডিলারের ওপর অতর্কিত হামলা হয়েছে। এতে তার মাথা ফেটে গেছে। 

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান। 

আহত টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরী অভিযোগ করেন, রোব ও সোমবার কয়েকজন যুবক স্মার্ট কার্ড ছাড়া টিসিবি পণ্য ক্রয় করতে আসেন। কিন্তু স্মার্ট কার্ড ছাড়া তাদের পণ্য দেওয়া হয়নি। 

“সোমবার দিনভর কাপ্তাই ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় শেষে বিকালে একটি চায়ের দোকানে চা পান করছিলাম। এ সময় মো. সানজিদ নামে স্থানীয় এক যুবক এসে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় আমার মাথায় জখম লেগেছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিসিবি ডিলার। 

কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুজিব বলেন, “বিকালে টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরীসহ আমরা কয়েকজন ইউপি সদস্য একটি চায়ের দোকানে বসেছিলাম। সেখানে স্থানীয় বাসিন্দা সানজিদ এসে অতর্কিত হামলা করে এবং কাঞ্চনকে মেরে রক্তাক্ত করে। আমরা তাৎক্ষণিক কাঞ্চনকে হামলা থেকে রক্ষা করি এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

কাপ্তাইয়ের ইউএনও রুহুল আমিন বলেন, “টিসিবি পণ্য বিক্রয় শেষে ইউপি সদস্যরা মিলে দোকানে চা পানের সময় স্থানীয় এক যুবক টিসিবি ডিলারের ওপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় জড়িত যুবককে স্থানীয়রা সবাই চেনেন। মাদকাসক্ত বলে জেনেছি। আমি ভুক্তভোগী ডিলারকে থানায় পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মো. সানজিদ (২২) কাপ্তাই ইউনিয়নের মো. সেলিমের ছেলে। তার বক্তব্য জানার চেষ্টা চলছে।