নেত্রকোণায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চার-পাঁচ মাস আগে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে তাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়।
নেত্রকোণার সদর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
সমলা আক্তার নামে ৪০ বছরের ওই নারী সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন তালুকদারের বাড়িতে গৃহকর্মী ছিলেন।
মোশাররফ হোসেন বলেন, “ঠিকানাবিহীন এই নারীর থাকা খাওয়ার জায়গা না থাকায়, চার থেকে পাঁচ মাস আগে আমার বাড়িতে তাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়।
“বুধবার ভোর বেলায় বাড়ির লোকজন আঙ্গিনার কাঁঠাল গাছে তার মরদেহ দেখতে পেলে সদর মডেল থানায় খবর দেয়া হয়।”
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদা খাতুন বলেন, সমলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।”
এ ঘটনায় থানায় মামলাসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
