খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ইশতেহার দিলেন বরিশালের আসাদুজ্জামান
“সাধারণ ও খেটে খাওয়া মানুষকে জানানোর জন্য খোলা আকাশের নিচে ইশতেহার ঘোষণা করা হয়েছে।”
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. আসাদুজ্জামান।
শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন হাতি প্রতীকের এই প্রার্থী।
তিনি বলেন, “ইশতেহার হচ্ছে নগরবাসীর জন্য। তাই নগরীর সাধারণ ও খেটে খাওয়া মানুষকে জানানোর জন্য খোলা আকাশের নিচে ইশতেহার ঘোষণা করা হয়েছে।
“হল কিংবা ঘরে নির্ধারিত কয়েকজনকে আমন্ত্রণ জানিয়ে ইশতেহার ঘোষণার চেয়ে সাধারণ মানুষদের জানানো আমার কাছে সঠিক মনে হয়েছে। তাই খোলা আকাশের নিচে ইশতেহার ঘোষণা করেছি।”
তিনি বলেন, “দাঁড়িয়ে ইশতেহার পাঠের কারণও জনগণ। তাদের প্রতি সন্মান দেখাতেই আমার এ অবস্থান। আমি এ নগরীর জনগণকে সন্মান ও শ্রদ্ধা জানাই।”
ভোটের প্রচার করতে গিয়ে এখন পর্যন্ত বাধা পাননি জানিয়ে বলেন আসাদুজ্জামান বলেন, “তবে ভোটাররা শঙ্কায় রয়েছেন তারা ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা।“
ইশতেহারে এই প্রার্থী অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের পাশাপাশি অগ্রাধিকার ভিক্তিতে সেখানকার নাগরিকদের জন্য সব সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নগরীর কলোনিগুলোর নতুন নামকরণ করে সেখানে বহুতল ভবন নির্মাণ এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন।
ইশতেহারে বলা হয়েছে, নগরীর কাশিপুর, রূপাতলী ও আমানতগঞ্জকে উপশহর এবং বাইপাস সড়ক করা হবে। আবাসনহীন নগরীর গণমাধ্যম কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। মসজিদ-মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অধিক বরাদ্দ দেওয়া হবে। দখলবাজ, অস্ত্রধারী সন্ত্রাসীদের দমনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করে নগরীর শতভাগ জলাবদ্ধতা নিরসন করা হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ ও দৃষ্টিনন্দন পার্ক নিমার্ণ করা হবে। নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে ইশতেহারে বলা হয়েছে।
