‘জিয়া দিয়েছেন অস্ত্র, শেখ হাসিনা দিয়েছেন বই’
“ভারতের চেয়ে ১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে; কোন দুঃখে দেশ ভারত হতে যাবে।”
বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, “জিয়াউর রহমান শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন; আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন বই, কলম, খাতা। বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তারা এটা সফল করতে পারবে না। কারণ সাধারণ জনগণ তাদের সাথে নেই। সাধারণ জনগণ আছে শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে।
মন্ত্রী বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, “বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। বর্তমানে ভারতের চেয়ে ১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কোন দুঃখে দেশ ভারত হতে যাবে। খালেদা জিয়া বলেছিলেন, নৌকায় ভোট দিলে মসজিদে আজান হবে না, উলুধ্বনি হবে। অথচ এখন মসজিদ উন্নত হয়েছে।“
অনুষ্ঠানে একযোগে গোসাত্রা, চান্দরা, মুরাদপুর, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৬০০ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
