২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খুলনার কাউন্সিলরের মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, আটক ২

কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করা হয় রব্বানীকে।

খুলনার কাউন্সিলরের মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, আটক ২
খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় মামলা হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, শুক্রবার দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী মামলাটি করেন। 

ওসি বলেন, “আসামি অজ্ঞাত রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।” 

এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি; তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে রাখার কথা জানিয়েছে র‌্যাব। 

রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী বলেন, “আমাদের পুরো পরিবার শোকে মুহ্যমান। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।”

তিনি জানান, বৃহস্পতিবার সকালেই গোলাম রব্বানী টিপু কক্সবাজারে এসেছিলেন। 

এদিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদেক বলেন, “একটি গুলি নিহতের মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশে দিয়ে বেরিয়ে গেছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাকিটা বিস্তারিত জানা যাবে ফরেনসিক প্রতিবেদনের পর।” 

খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজার সৈকতে গুলি করে হত্যা

এ ঘটনায় র‍্যাব-১৫ এর হেফাজতে রয়েছে খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু এবং নিহত রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টু।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার সকাল ৭টায় কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। হোটেলের নিবন্ধন বইয়ে গোলাম রব্বানী টিপু, ইফতেখার ও এক নারী একসঙ্গে হোটেলে ওঠেন। ওই নারী ঘটনার পর থেকে পলাতক। 

“আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ সাবেক কাউন্সিলর রব্বানী হোটেল থেকে বেরিয়ে যান।” 

র‌্যাব কর্মকর্তা বলেন, “এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলিতে তিনি নিহত হন।”