১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডামি প্রার্থী’র সংজ্ঞা দিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান

“ডামি ক্যান্ডিডেট হবে তার দলের মনোনীত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 12:18 AM

Updated : 04 Dec 2023, 12:18 AM

দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান।

রোববার ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ‘ডামি প্রার্থী’র ব্যাখ্যা দিয়ে ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান বলেন, “ডামি ক্যান্ডিডেটের প্রশ্ন কেন এসেছে? আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে না পারে। সে কারণে ডামি ক্যান্ডিডেট দেওয়ার কথা বলেছে।

“বিনা প্রতিদ্বন্দ্বিতার অর্থ এই না যে, ডামি ক্যান্ডিডেট প্রার্থী হয়ে দলের প্রার্থীকে হারাতে হবে। ডামি ক্যান্ডিডেটের অর্থ হল- একটি নির্বাচন হয়েছে, মানুষ ভোটকেন্দ্রে গেছে, যাকে ভোট দিয়েছে সেই নির্বাচিত হবে।

তিনি আরও বলেন, “ডামি ক্যান্ডিডেটের বিষয়ে আরও গভীরে গেলে বলতে হবে, এই ডামি ক্যান্ডিডেট হবে তার দলের মনোনীত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী। সেটাকেই বলা যায় ডামি। আর তাকে পাল্লা দিয়ে হারানোর জন্য যখন কেউ প্রার্থী হবে তখন তাকে আর ডামি প্রার্থী হিসেবে বিবেচনা করা যাবে না।

দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগের নেতা বলেন, “যাদের পদ-পদবি আছে তাদের ব্যাপারে তো বটেই, আর যারা পদে নেই, কিন্তু আওয়ামী লীগ বলে দাবি করে, তারা সারাজীবনে কখনও আওয়ামী লীগ করতে পারবে না। এখনও সময় আছে ঘরের ছেলে ঘরে ফিরে আস।

“নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে, শেষ অবদি ভালো থাকবে। নির্বাচনি পরিবেশ ভালো আছে বলেই এক একটি আসনে ২০ জন প্রার্থী রয়েছে। তারা প্রচার চালাচ্ছে নির্বিঘ্নে। আমরা চাই, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।”