দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নারী রোভার স্কাউট নিহত
দ্বীনি আর্জুম একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিরল উপজেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাবেক এক জ্যেষ্ঠ নারী রোভার স্কাউট নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিরল উপজেলার শংকরপুরে ট্রাকের ধাক্কায় আহত হন এই স্কাউট; সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত দ্বীনি আর্জুম (২৭) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণী গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে; তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক জ্যেষ্ঠ রোভার মেট ছিলেন।
বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম জানান, দ্বীনি বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর বিরল উপজেলায় চাকরি করতেন। দুপুরে তিনি স্কুটি চালিয়ে অফিসের কাজে বের হন।
“পথে শংকরপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।”
বিরল থানার পরিদর্শক রাসেল জানান, গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রাসেল জানান।
