২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই গণহত্যায়’ জড়িতদের বিচার দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

চেঙ্গী স্কয়ার থেকে মশাল মিছিল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 12:18 AM

Updated : 10 Sep 2026, 12:31 PM

‘জুলাই গণহত্যা’, গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে মশাল মিছিল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান, আল আমিন, অপূর্ব ত্রিপুরা, মো. জামাল। 

সমাবেশে জাহিদ হাসান বলেন, “জুলাইয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে আবু সাঈদ, মুগ্ধসহ দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখনো অনেকেই পুঙ্গুত্ব বরণ করে বিছানায় কাতরাচ্ছে। এখনো পর্যন্ত শহীদদের রক্তের ঘা শুকায়নি। 

“বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আওয়ামী সরকারের কিছু দোসর গায়ে বাতাস লাগিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।”

এসময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সকল কর্মকাণ্ডে জড়িতদের বিচারেরও দাবি জানান শিক্ষার্থীরা।