১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

স্থানীয়রা বলছেন, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে।

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের প্রাণ গেছে।

বুধবার ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘট পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান জানান।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রম্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

স্থানীয়রা বলছেন, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় তারা।

নিহতদের প্রতিবেশী হানিফ ও রফিকউল্লাহর ভাষ্য, জলিল আর ইয়াসীনকে প্রায়ই গরু আনতে দেখেন তারা।  

এ বিষয়ে জানতে চাইলে তেতুলিয়া মডেল থানার প্রদীপ কুমার বলেছেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে নিহতদের চোরাকারবারি বলে মনে হয়েছে। এটা নিশ্চিত হতে আরও তথ্য সংগ্রহ করছেন তারা।

বিএসএফের গুলিতে নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, তাদের পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।