২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়-প্রকৃতি ও প্রাণী রক্ষায় আলোকচিত্র প্রদর্শনী

খাগড়াছড়িতে পাঁচ দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 07:37 PM

Updated : 04 Nov 2023, 07:37 PM

পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ‘সেভ দ্যা বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নতুন ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন আরা সুলতানা।

প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

পার্বত্য চট্টগ্রামের দুই আলোকচিত্রী সমির মল্লিক এবং সুবজ চাকমার তোলা ৫০টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এই প্রদর্শনীতে পাহাড়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা পাহাড়ের প্রকৃতি ও বন্যপ্রাণী সর্ম্পকে জানতে পারবে।”

এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীতে পার্বত চট্টগ্রাম থেকে তোলা বিভিন্ন প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও নিসর্গের ছবি স্থান পেয়েছে।

এই ধরনের প্রদর্শনী দর্শনার্থীদের শিল্প মনের তৃষ্ণা মেটাবে এবং একই সঙ্গে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে বলে জানান তিনি।