প্রতিবেশীর বাড়ির উঠান খুঁড়ে মিলল নিখোঁজ শিক্ষকের লাশ
টাঙ্গাইলে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দম্পতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ির উঠান খুঁড়ে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের এক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান।
নিহত আব্দুল হক মিয়া (৫৮) ওই গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
জিজ্ঞাসাবাদের জন্য আটকরা হলেন- ওই গ্রামের জাহানারা বেগম তার স্বামী আব্দুল বারেক এবং একই এলাকার সবুরের ছেলে ফারুক।
নিহতের পরিবারের বরাতে ওসি আহসান বলেন, “বৃহস্পতিবার বিকালে আব্দুল হক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার দুপুরে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন।
“সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জাহানারা বেগমের বাড়ির উঠান খুঁড়ে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়।”
ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
