নাটোরে নাড়া পোড়াতে গিয়ে ছাই হল ১২ বিঘা জমির গম
কৃষি কার্যালয় বলছে, পুড়ে যাওয়া গমের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাড়া পোড়াতে গিয়ে পাশের ১২ বিঘা জমির পাকা গমও পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রামের কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
উপজেলা কৃষি কার্যালয় বলছে, আগুনে ১৬ জন কৃষকের প্রায় ১৮০ মণ গম পুড়ে গেছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, “শুক্রবার সকালে রওশন হোসেন নামের এক কৃষক তার জমির পাকা গম কেটে ঘরে তোলেন। এরপর বিকালের গমের নাড়া (গমের গোড়ার অংশগুলো) পোড়ানোর জন্য তিনি জমিতে আগুন দেন।
“জমি পোড়ানো শেষ না করেই তিনি বাড়ি চলে যান। ওই সময় অন্যান্য জমির কৃষকরাও মাঠে ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাশের জমিগুলোর পাকা গম পুড়ে ছাই হয়ে যায়।“
ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান, সাইফুল, শামসুল জানান, এক বিঘা জমিতে কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে ক্ষেত্রে ১২ বিঘা জমির আনুমানিক ১৮০ মণ গম পুড়ে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা।
একই রকম তথ্য জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের ও চাঁন মিয়া।
তারা বলেন, দুই-এক দিনের মধ্যেই গম কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। গম বিক্রির টাকায় ঋণ শোধের পাশাপাশি সংসার খরচ মিটতো। কিন্তু আরেকজন কৃষকের অবহেলায় সব ইচ্ছাই শেষ হয়ে গেল।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, “একজন কৃষক গম কাটার পড়ে গমের নাড়া পোড়াতে গিয়ে অন্য কৃষকদের জমির পাকা গম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ১৬ জন কৃষকের ১২ থেকে ১৫ বিঘা জমির গম পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি।”
তিনি বলেন, “স্থানীয় চেয়ারম্যান দুই পক্ষের কৃষকদের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ইউএনওর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আউশ ধানের বীজ প্রদানের প্রক্রিয়া চলছে।“
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মারিয়াম খাতুন বলেন, “স্থানীয় চেয়ারম্যান বিষয়টা মীমাংসায় কাজ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক প্রণোদনা এবং ধান ও পাটের বীজ প্রদান করে সহযোগিতা করার প্রক্রিয়া চলছে।“
