২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ইলিশ শিকার: বরিশালে ৯ জেলের কারাদণ্ড

ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলা অবস্থায় নয় জেলেকে আটক করা হয় বলে নৌ-পুলিশ জানায়।

মা ইলিশ শিকার: বরিশালে ৯ জেলের কারাদণ্ড

বরিশালে ইলিশ ধরার সময় আটক নয় জেলে

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 07:16 PM

Updated : 10 Oct 2022, 07:16 PM

বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ শিকারের সময় আটক নয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলার ইউএনও মো. তারেক হাওলাদার সোমবার এ কারাদণ্ড দেন বলে নৌ-পুলিশ জানায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিজলা উপজেলার জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মামুন বহদ্দার (৪৫), আবুল বাশার সিকদার (২৫), নাসির উদ্দিন (২১), সোলায়মান খাঁ (২২), রাসেল মণ্ডল (৩০), সাইফুল খাঁ (২৪), মোশারেফ হোসেন (২৫) ও মোবারক খন্দকার (৩৫)।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা ইলিশ রক্ষায় সোমবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত মেঘনা ও শাখা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলা অবস্থায় নয় জেলেকে আটক করা হয়।

পরিদর্শক আরও জানান, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা ইলিশ রক্ষা অভিযানে গত তিন দিনে বরিশাল বিভাগে ৬৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ পর্যন্ত ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়েছে। মোট ৬৭ মামলায় প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। জব্দ ৭১৭ কেজি মা ইলিশ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান নাসির উদ্দিন।