২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী শনাক্ত

বিভাগে ডেঙ্গু রোগে এখন পর্যন্ত মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী শনাক্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 10:59 PM

Updated : 20 Oct 2022, 10:59 PM

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭২ জন রোগী শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষ পর্যন্ত বরিশাল বিভাগ ডেঙ্গুর ঝুঁকিতে পড়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন।” 

উপ-পরিচালক জানান, বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার সব রকমের প্রস্তুতি নেওয়া রয়েছে।

 ডেঙ্গুর লক্ষণ দেখতে রোগীদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ গুরুতর হলে তাদের বিশেষায়িত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় উপ-পরিচালক শ্যামল। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশে ২৮ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১১০ জনের।

আগে ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীতে বেশি থাকলেও এখন জেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে।  

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হুমায়ন শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকলে তো সামাল দিতে সমস্যায় পড়তে হবে।”

তাই ডেঙ্গু থেকে রক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদারে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিচালক। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৭২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে শনাক্ত হয়েছে ৩৬ জন। 

বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ রোগী। গত জানুয়ারি থেকে এ হাসপাতালে ৪৪৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩৬৯ জন। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন রোগী শনাক্ত হয়েছেন। পাঁচ জন হাসপাতালেই চিকিৎসাধীন। এখন পর্যন্ত এ হাসপাতালে ৯০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫ জন। 

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে পিরোজপুর জেলা হাসপাতালে। এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৯৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। 

বরিশাল সদর হাসপাতালে ছয় জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন। এ হাসপাতালে এখন পর্যন্ত ৮৩ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬৮ জন সুস্থ হয়েছেন। 

বরগুনা জেলা হাসপাতালে সাত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন রোগী। হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন। 

ঝালকাঠি জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় পাঁচ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সাত জন চিকিৎসাধীন রয়েছেন। মোট চিকিৎসা নিয়েছেন ৩৮ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। 

পটুয়াখালী সদর হাসপাতালে শনাক্ত হয়েছেন একজন। চিকিৎসাধীন দুজন। মোট চিকিৎসা নিয়েছেন ২৪ জন। সুস্থ হয়েছেন ২৩ জন। 

ভোলা জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন জন। চিকিৎসাধীন রয়েছেন ছয় জন। এ হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৭৭ জন। 

বরিশাল বিভাগের দুই বিশেষায়িত ও ছয় জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধী রয়েছেন ১৫৭ জন। চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে মোটিএক হাজার ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯৬৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভাগে ডেঙ্গু রোগে এখন পর্যন্ত মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন:

ডেঙ্গু: যশোরে ৪৩১ রোগীর ৩৪৭ জনই ভবদহের