মাদারীপুরের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজের উপরে মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে মহাসড়কের আমগ্রাম ব্রিজে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত স্বপন শেখ উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখের ছেলে। ২৫ বছরের এই যুবক স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।
পরিদর্শক গোলাম রসুল জানান, আমগ্রাম ব্রিজের উপরে সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী স্বপন শেখ নিহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
