২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে তরুণী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন মিজানুর।

নাটোরে তরুণী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নাটোরে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 04:30 PM

Updated : 10 Jul 2023, 05:42 PM

নাটোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

গ্রেপ্তার মিজানুর রহমান (৩১) বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর দক্ষিণপাড়ার বাসিন্দা।

নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, “রোববার রাত ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর দাইড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

মামলার বরাত দিয়ে তিনি বলেন, প্রায় আট মাস আগে মিজানুর রহমান নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

“পরবর্তীতে মোবাইল ফোন ও ম্যাসেঞ্জারে আলাপের মাধ্যমে মিজানুর ওই তরুণীর বিশ্বাস অর্জন করেন। এরপর তার কিছু আপত্তিকর ছবি সংগ্রহ করেন তিনি। পরে তাকে কুপ্রস্তাব দেন।"

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “এতে রাজি না হওয়ায় তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন মিজানুর। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে এক লাখ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।”

তিনি আরও বলেন, “গত ১২ মে ছবি ফিরিয়ে দেওয়ার কথা বলে তরুণীর বাড়ি যান মিজানুর। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।”

ফরহাদ হোসেন বলেন, "এ ঘটনায় ওই তরুণী নাটোর সদর থানায় মামলা করেন। এরপর থেকে মিজানুর পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন তিনি।”

পরে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়িয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

আসামি মিজানুরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।