ফরিদপুর প্রেসক্লাবের নেতৃত্বে কবির-পিকুল
নির্বাচনে ৯৭ সাংবাদিকের মধ্যে ৯৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম সালাম।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রয়াত অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে ভোটাধিকার প্রয়োগ করেন সদস্যরা। এতে ৯৭ সাংবাদিকের মধ্যে ৯৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে হাবিব-অহিদ-টিটো পরিষদের ১২ জন ও কবির-পিকুল-শিপন পরিষদ থেকে ১৮ জনসহ মোট ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম; তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন- মাহাবুব ইসলাম পিয়াল, সঞ্জিব দাস এবং তরিকুল ইসলাম হিমেল।
সহ-সাধারণ সম্পাদক পদে শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক খন্দকার আলী আরশাদ কাজল, দপ্তর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ, তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মো. মুইজ্জুর রহমান রবি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মানিক কুমার দাস, বি কে সিকদার সজল, মো. সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম আনজু, রুহুল আমিন ও সেবানন্দ বিশ্বাস।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বিভাষ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু এবং ক্রীড়া সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক মঞ্জুয়ারা স্বপ্না ও আসাদুজ্জামান আসাদ।
