গোপালগঞ্জে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা
গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোলাবাড়িয়া গ্রামটি।
গোপালগঞ্জে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি তাকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করে চুরির ঘটনা সাজানো হয়েছে। ঘটনার পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই গ্রামটি।
বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
নিহত ফয়সাল শেখ (২৯) গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওসি আনিচুর জানান, স্থানীয়দের দাবি- বৃহস্পতিবার ভোর রাতে গোলাবাড়ীয়া গ্রামে ফয়সাল শেখকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, “রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা আমার জামাই ফয়সাল শেখকে মোবাইলে ফোন করে। এরপর সে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।
“পরে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা ধারণা করছি, আমার জামাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির নাটক সাজানো হয়েছে।”
এদিকে এ ঘটনার পর ওই গ্রামে গিয়ে দেখা গেছে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোলাবাড়িয়া গ্রামটি। বাড়িতে নারীরা অবস্থান করলেও ভয়ে কেউ মুখ খুলতে চাননি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি
