২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে তরুণী হত্যা মামলায় মা-ভাই গ্রেপ্তার

ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রচার করে তাকে দাফনের চেষ্টার সময় ঘটনা প্রকাশ পায় বলে পুলিশ জানায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 07:51 PM

Updated : 26 May 2023, 01:36 PM

যশোর শহরে এক তরুণীকে হত্যা মামলায় নিহতের মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

বেজপাড়ায় ফারহানা পারভীন উর্মি (২৯) নামের এক তরুণীকে হত্যা মামলায় নিহতের মা ও ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আইরিন বেগম (৫৫) ও তার ছেলে ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩)।

মানসিক ভারসাম্যহীন ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রচার করে তাকে দাফনের চেষ্টার সময় ঘটনা প্রকাশ পায় বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, যশোর শহরের বেজপাড়ার চারখাম্বার মোড় এলাকার ইমরান কবিরের বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন আইরিন বেগম। তার আইনজীবী স্বামী আব্দুর রাজ্জাক ২০১৪ সালে মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে বাড়িতে দুই ভাই-বোনের কোন্দল হয়। এ সময় ফারদিন ধাক্কা দিলে বোন উর্মি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখন বোনের ওড়না দিয়েই তাকে শ্বাসরোধে হত্যা করেন ফারদিন।

ওই রাতেই ফারদিন ও তার মা উর্মির মরদেহ প্রাইভেট কারে করে মাগুরা জেলার শালিখা উপজেলায় তাদের গ্রাম শ্রীহট্টে নিয়ে যান দাফনের জন্য। সেখানে আত্মীয়-স্বজনদের বলা হয়, উর্মি আত্মহত্যা করেছেন।

মরদেহ গোসলের সময় দেখা যায় উর্মির মাথার পেছনে আঘাতে চিহ্ন। বিষয়টি নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম শালিখা থানা পুলিশকে জানান।

পুলিশ ঘটনাটি যশোর কোতোয়ালি থানায় জানায়। রাতেই কোতোয়ালি পুলিশ শালিখায় গিয়ে মরদেহ উদ্ধার এবং ফারদিন ও তার মাকে যশোরে নিয়ে যান।

মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ২৬ এপ্রিল রাতে চাচাতো ভাই রবিউল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ফারদিন ও তার মা আইরিন বেগমকে আসামি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার বিকালে আটক মা ও ছেলেকে আদালতে পাঠানো হয়।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন বোন হত্যার কথা স্বীকার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পলাশ কুমার দালালের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।