২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপু‌রে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে

স্বজনরা জানান, বোনকে মারধরের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে মারেন দুলাভাই।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 10:24 AM

Updated : 10 Jul 2023, 10:31 AM

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

গত রোববার রাত ৮টার দিকে মাদারীপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান। 

এর আগে ওই দিন বিকাল ৫টার দিকে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।

নিহত রিপন শেখ (২৫) পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রব শেখের ছোট ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় একযুগ আগে উপজেলার পূর্ব স্বরমঙ্গলের টিন ব্যবসায়ী রাজ্জাক ফকিরের সঙ্গে পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রহমান শেখের ছোট মেয়ে রিপা আক্তারের বিয়ে হয়। 

গত রোববার বিকালে রাজ্জাক ফকির নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় রিপন শেখ সেখানে উপস্থিত হন এবং বোন‌কে মারধরের প্রতিবাদ করেন। এতে রাজ্জাকসহ আরও কয়েকজন ক্ষিপ্ত হয়ে রিপনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চি‌কিৎসক রাত ৮টার দি‌কে তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের করার জন্য মাদারীপুরে সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।  

রিপনের মা মর্জিনা বেগম বলেন, “জামাই রাজ্জাক মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।”  

ওসি মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক কলেহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাদারীপুর জেলা পুলিশের (শিবচর সার্কেল) এএসপি আনিসুর রহমান বলেন, “দোষীদের আইনের আওতায় আনা হবে।” 

এলাকাবাসীও এ ঘটনার বিচার দাবি করছেন।