বিএনপির লোকজনের ‘হাত-পা ভেঙে’ দিতে বললেন আওয়ামী লীগ নেতা
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান ফতুল্লা থানা বিএনপির সভাপতির।
বিএনপির লোকজনকে ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে দেখলে ‘হাত-পা ভেঙে’ পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন সোমবার সন্ধ্যায় এমন বক্তব্য দেন।
তিনি দেলপাড়া গোলাপবাগ এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের উঠান বৈঠকে বক্তব্য রাখছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন।
আওয়ামী লীগ নেতা জসিমের ওই বক্তব্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আগামী ৭ তারিখের জাতীয় নির্বাচন বানচাল করতে পাঁয়তারা করছে বিএনপি। এলাকায় যারা বিএনপি করে তাদের মাঝে মাঝে দেখি, বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল দেয়। ফেইসবুকে দেখলাম, দেলপাড়া বাজারেও তারা হ্যান্ডবিল দিয়েছে।
“আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলব, যদি বিএনপির লোকজনকে এই অবস্থায় পাওয়া যায় তাহলে হাত-পা ভেঙে পুলিশের হাতে তুলে দেবেন। আর না হলে আপনারা ওদের আটকে আমাদের খবর দিবেন, আমি আসব।”
তিনি আরও বলেন, “২০০১ সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের লোকজনের ওপর অনেক অত্যাচার-নির্যাতন করছে, সেইটা ভোলার মত? কিন্তু আমাদের নেত্রী নির্বাচনে জেতার পরদিন বলেছিলেন, কোনো আনন্দ-উল্লাস করা যাবে না এবং কোনো বিএনপির লোকের ওপর আঘাত করা যাবে না। শামীম ওসমানের নির্দেশে আমরা এলাকাগুলোতে গিয়ে কারও ওপর জুলুম-অত্যাচার না করার নির্দেশ দিয়েছি।”
জসিম উদ্দিন বলেন, “কিন্তু এই কুতুবপুরে বিএনপির লোকেরা ১৫ বছর থাইকা, ব্যবসা-বাণিজ্য কইরা, এখন তারা যে অবস্থা করছে! আগামী নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার গঠন করবে, নির্বাচনের পর যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা নেব।
“বিএনপির লোকজন কীভাবে এলাকায় থাকে আর ব্যবসা করে সেইটা আমরা দেখব। শামীম ওসমান একটাই নির্দেশ দিয়েছেন, নির্বাচনে কাউকে কিছু বলবেন না। নির্বাচনের পর ব্যবস্থা আমরা নেব। কারণ আমরা বহু সহ্য করেছি, আর না।”
এ বক্তব্যের বিষয়ে কথা বলতে জসিম উদ্দিনের মোবাইলে ফোন করা হলে তিনি ‘পরে কথা বলব’ বলে কলটি কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, “বিএনপি তো আর নিষিদ্ধ রাজনৈতিক দল না। বাংলাদেশ এটি গণতান্ত্রিক দেশ, সেই দেশে আমরা রাজনীতি করি। যেহেতু এই নির্বাচনে সবগুলো দলের অংশগ্রহণ নেই সুতরাং আমরা মানুষকে এই নির্বাচনের ব্যাপারে সতর্ক করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি।”
তিনি বলেন, “আমরা মনে করি, ক্ষমতাসীন দলের নেতার প্রকাশ্যে এই ধরনের সহিংস বক্তব্য দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রমাণ দেয়। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান থাকবে।”
