২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মৃত্যু কাশিমপুর কারাগারের কয়েদির

আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন জহিরুল।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মৃত্যু কাশিমপুর কারাগারের কয়েদির

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 03:34 PM

Updated : 01 Dec 2023, 03:39 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়া নামে ওই কয়েদির মৃত্যু হয়।

মৃত ৭০ বছর বয়সী জহিরুল হকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকায়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “জহিরুলকে বৃহস্পতিবার রাতে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।”

জেল সুপার বলেন, “বৃহস্পতিবার রাতে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে জহিরুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন জহিরুল। তার কয়েদি নম্বর ৪২৭৭/ এ।”

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সুপার সুব্রত কুমার বালা।