২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ী‌তে পু‌লি‌শের ওপর ‘হামলা’ করে আসা‌মি ছিনতাই, এসআই আহত

“ফরিদের বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকা‌তি, মাদকসহ নয়টি মামলা রয়েছে।”

রাজবাড়ী‌তে পু‌লি‌শের ওপর ‘হামলা’ করে আসা‌মি ছিনতাই, এসআই আহত
হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের সময় আহত হন ডিবির এসআই ওয়াহিদুল।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশ-ডিবির ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ডিবির এক এসআই। 

বুধবার সকালে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে ব‌লে জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রা‌জিব জানান। 

আহত ওয়াহিদুল হাসান জেলা গোয়েন্দা পুলিশের এসআই হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, ওয়াহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া হামলা ও আসা‌মি ছিনতাই‌য়ের ঘটনায় ছয়জন‌কে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোসা. সেফালী বেগম (৪৩),  মোসা. নাসিমা বেগম (৩৫),  মোসা. শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)।

মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। 

মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ বলেন, সকালে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদকে গ্রেপ্তার করা হয়। 

“এরপর  তাকে  গাড়িতে তোলার সময় ফ‌রি‌দের পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চা‌লি‌য়ে ফরিদ‌কে ছি‌নি‌য়ে নেন। হামলায় এসআই ওয়াহিদুল আহত হন।”

তিনি বলেন, “পা‌লি‌য়ে যাওয়া ফরিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকা‌তি, মাদকসহ নয়টি মামলা রয়েছে।” 

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আরও বলেন, “পু‌লি‌শের অ‌ভিযা‌নে তার বাড়ি থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষ‌য়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা করা হবে।”

ফরিদকে গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।