একা ছিলেন বৃদ্ধা, রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
পুলিশ বলছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে।
ঝালকাঠিতে রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে নিজের ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও আপস) শেখ ইমরান জানান।
নিহত হোসেন আরা বেগম (৬২) ওই গ্রামের প্রয়াত জাহাঙ্গীর হোসেন খানের স্ত্রী। ঘরে তিনি একাই থাকতেন।
গত বুধবার রাতের কোনো এক সময় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। তবে কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষাটোর্ধ্ব হোসনে আরা বেগম বাড়িতে একাই থাকতেন। তার বিবাহিত মেয়ে জেলা শহরে এবং ছেলে থাকেন চট্টগ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আলম খান সুরুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ওই বৃদ্ধা হতদরিদ্র। আশপাশের লোকজনের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে জীবন চালান। তাই ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।”
এদিকে সকালে খবর পেয়ে জেলা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে জেলা পুলিশের কর্মকর্তা শেখ ইমরান বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে।
