২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় নাশকতার মামলায় আসামি বিএনপির ১১ নেতা-কর্মী

এ মামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 11:49 PM

Updated : 01 Dec 2023, 11:49 PM

নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা করেছে পুলিশ।

সড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে শুক্রবার দুপুরে ফতুল্লা থানার এসআই রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।

এ মামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া।

মামলায় অন্য আসামিরা হলেন- ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন (৪২), ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন (৩০), সদস্যসচিব রিয়াদ দেওয়ান (২৫), যুবদল নেতা রতন (৩৮), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক (৩১), যুবদল নেতা মনির (৫০), এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা জুম্মন (২৮), ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহম্মেদ পল্লব (৪১), এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম (৪৫) ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল (৪২)।

মামলার বরাতে ওসি নূরে আজম বলেন, বৃহস্পতিবার রাতে ফতুল্লার ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কে মশাল মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সে সময় তারা সড়কে আগুন দিয়ে অবরোধ ও কিছু যানবাহন ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে রাসেল মাহমুদকে আটক করে বলে জানান ওসি।