১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতা হত্যা: জাবি শিক্ষার্থী রায়হান গ্রেপ্তার

তিনি শামীম মোল্লা হত্যা মামলার ৩ নম্বর আসামি।

ছাত্রলীগ নেতা হত্যা: জাবি শিক্ষার্থী রায়হান গ্রেপ্তার
আশুলিয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 03:33 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার মামলায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। 

সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: জাবির সমন্বয়ককে অব্যাহতি

ছাত্রলীগ নেতার মৃত্যু: ৫ দফা মারধরের পর দেওয়া হয় পুলিশে

শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

গত ১৮ সেপ্টেম্বর বিকালে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে শামীম মোল্লাকে দফায় দফায় পিটিয়ে আহত করেন। আহত শামীমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

পরে পুলিশ শামীমকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ছাত্রলীগ নেতা হত্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত‍্যা

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, “শামীম হত্যা মামলার ৩ নম্বর আসামী মাহমুদুল হক রায়হানকে গ্রেফতার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”