জয়পুরহাটে ‘বাড়ি রক্ষার বৈদ্যুতিক তারে’ প্রাণ গেল শ্রমিকের
ভোরে মজুরির টাকা চাইতে এসে বাড়ির চারপাশে লাগানো বৈদ্যুতিক সংযোগ দেওয়া জিআই তারে জড়িয়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ির নিরাপত্তা রক্ষায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কালাই পৌর এলাকার আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কালাই থানার ওসি এস এম মঈন উদ্দিন।
নিহত শরিফুল ইসলাম (৪৭) ওই এলাকার মৃত ফজলে আকন্দের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈন উদ্দিন বলেন, আকন্দ পাড়ার কিনামউদ্দীন তার বাড়ির নিরাপত্তা ও আম চুরি ঠেকাতে প্রতি রাতে বাড়ির চারপাশে খোলা তার (জিআই) পেঁচিয়ে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
তিনি বলেন, “শুক্রবার রাতেও কিনামউদ্দীন বাড়ির চারপাশে পেঁচানো সেই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে যান।
“এ সময় তিনি কিনামদ্দীনকে ডাকাডাকির এক পর্যায়ে ওই বিদ্যুতায়িত তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
ওসি আরও বলেন, এ ঘটনার পর থেকে কিনামউদ্দীন পলাতক রয়েছেন।তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
