টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সকালে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন।
নিহত ২০ বছর বয়সী রায়হান মিয়া দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন দোতলা ভবনে কাজ করছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে রায়হান রডের কাজ করছিলেন। এসময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আলমগীর কবির বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
