১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

জেলেদের ধরে যাওয়ার বিষয়ে কোস্টগাড ও বিজিবির সঙ্গে কথা হয়েছে, তাদের ফেরত আনার কাজ চলছে, বলেন ইউএনও।

বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
বঙ্গোসাগরে মাছ ধরার ট্রলার।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার কথা বলেছে স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতি।

বুধবার দুপুরে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়ে সমিতির নেতারা বলছেন, তাদের ধারণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি ‘আরাকান আর্মি’ তাদের ধরে নিয়ে গেছে।  

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। কোস্টগাড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। তাদের ফেরত আনার কাজ চলছে।

জেলে ও ট্রলার মালিক সমিতি বলেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুইটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদ-ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়া ও মিস্ত্রি পাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’। রাত ১০টা পর্যন্ত তারা ফিরে আসেনি।

সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, “দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার মালিকানাধীন একটিসহ ৬টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিল।” 

ঘটনাটি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।