ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরন কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহতরা হলেনে- সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ এবং একই উপজেলার টিওরদা গ্রামের আবসার শেখের ছেলে নাজমুল হোসেন।
পুলিশ জানায়, গোপালপুর থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নিপুল ও যাত্রী নাজমুল আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তারা মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ বলেন, বিকালে হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যার পর তারা মারা যান।
ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
