টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজ ছাত্র নিহত
ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় এই সংঘর্ষ ঘটে বলে ধারণা পুলিশের।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুতে এই দুর্ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান।
নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। মাসুম পাকুটিয়া কলেজের এবং শাকিল মানিকগঞ্জের সাটুরিয়ার সৈয়দ কালু শাহ কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জসিম জানান, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দু’জনের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
