উত্তরবঙ্গের চাওয়া পূরণ করবেন প্রধানমন্ত্রী: বাণিজ্যমন্ত্রী
আগামী ২ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন।
রংপুরসহ উত্তরবঙ্গবাসীর ‘উন্নয়নের দায়িত্ব’ নেওয়া প্রধানমন্ত্রী তাদের সামনের চাওয়াগুলোও পূরণ করবেন বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, “১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তা পালনও করেছেন। তিনি আবারও রংপুরে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন।“
বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোনো চাওয়া আছে কি না, এমন প্রশ্নের জবাবে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য টিপু মুনশি বলেন, “চাওয়ার তো অনেক আছে। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দুই পাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া।
“এ ছাড়াও গ্যাস যাতে দ্রুত দেওয়া যায়, অর্থনৈতিক জোন করা এবং যে (ঢাকা-রংপুর মহাসড়ক) রাস্তার কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ করা।”
প্রধানমন্ত্রী রংপুরবাসীকে এসব উন্নয়নের সুখবর নিজের মুখে দেবেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, “উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন।”
আগামী ২ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যাবেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান।
শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। সে সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছিলেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি রংপুরে আসছেন।
এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
